বন্দরে ছাত্রলীগ নেতা শ্যামলসহ গ্রেপ্তার ১২
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শ্যামল মৃধাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনরত অবস্থায় দুজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, নতুন দায়ের করা মামলায় দুজন, আগের মামলায় দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





































