২৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ২৩ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী, মাদক, ডাকাতির প্রস্তুতি ও দস্যুতাসহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় মক্কিনগর এলাকার মো. নুরুল আমিন (৪৫) এবং সামারি ট্রায়ালে আটি হাউজিং এলাকার মো. জাকির হোসেন (৪০), সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিং এলাকার মো. আমির হোসেন (৩৮), মো. হৃদয় হোসেন (২৭) ও পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আমিনুল ইসলাম মুসাকে (৪১) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজমিজি এলাকার সুবর্ণা (২৫) ও আটি হাউজিং এলাকার মো. বাদশা আহম্মেদকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ডেমরায় বসবাস করেন।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতি ও দস্যুতা মামলায় সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. নাসির উদ্দিন (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর এলাকার মো. আনাছ মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। আনাছ বর্তমানে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়