বন্দরে এসএসসির ফরম পূরণে ১০ থেকে ৩০ হাজার টাকা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বন্দর মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে ১০ হাজার এবং একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। এতে আর্থিক চাপে পড়েছেন অনেক পরিবার। কেউ কেউ ঋণ করে টাকা জোগাড় করছেন বলেও জানিয়েছেন।
স্থানীয়ভাবে বন্দর গিয়াসউদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটির সভাপতি জাতীয় পার্টির নেতা গিয়াসউদ্দিন চৌধুরী। স্থানীয় সূত্রের দাবি, তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, ২০২৭ সালের নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ হাজার টাকা করে নিচ্ছে। একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগও রয়েছে।
একইভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের নির্ধারিত ফি এক বিষয়ে ৮৩০ টাকা, দুই বিষয়ে ৯৫৫ টাকা এবং তিন বিষয়ে ১ হাজার ৮০ টাকা। কিন্তু এসব শিক্ষার্থীর কাছ থেকেও ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
অভিভাবকরা জানান, ফরম পূরণের সময় একসঙ্গে এত টাকা জোগাড় করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। কেউ কেউ ধারদেনা করেও টাকা পরিশোধ করছেন।
তাদের অভিযোগ, ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও স্থানীয় পর্যায়ে কার্যকর তদারকি দেখা যাচ্ছে না। জেলা ও উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নজরদারি থাকলে এ ধরনের অভিযোগের দ্রুত নিষ্পত্তি সম্ভব হতো বলে মনে করেন তারা।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মো. রওশন আলী বলেন, “দুর্বল শিক্ষার্থীদের কোচিং করানো বাবদ শিক্ষকদের বেতন দিতে ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে কোনো কোনো অভিভাবক ৭ থেকে ৮ হাজার টাকা দিচ্ছেন, আমরা তা-ও নিচ্ছি।”
তবে প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, “বেশি টাকা নিচ্ছে এটা ঠিক নয়। আপনি স্কুলে আসুন, কথা বলি।”
এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, “সবচেয়ে ভালো হয় কেউ যদি লিখিত অভিযোগ দেয়। তারপরও আমি বিষয়টি দেখছি।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান বলেন, “এগুলো প্রথমত দেখবেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তারা না দেখলে আমাকে জানাতে পারেন।”





































