কনস্টেবল আনোয়ারকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার
নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন আনোয়ার। তার আকস্মিক মৃত্যুতে দুই সন্তানসহ পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্তের সময় সেখানে অপেক্ষা করছিলেন স্বজনেরা।
নিহত আনোয়ারের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লা বলেন, ‘রোববার রাত একটার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ মুঠোফোনে জানান, আনোয়ার অভিযানে গিয়ে ছুরির আঘাতে মারা গেছেন। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশও বিষয়টি নিশ্চিত করে।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আনোয়ারের মৃত্যুতে আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে।’
শাহাবুদ্দিন জানান, প্রথমে তারা বিশ্বাসই করতে পারেননি আনোয়ারকে হত্যা করা হয়েছে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার ছোট। পরিবারের সবাই তাকে আদর করতেন। কারও সঙ্গে খারাপ ব্যবহার কিংবা ঝগড়া-বিবাদে জড়াতেন না তিনি।
আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকার জত্তন মোল্লার ছেলে। ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়ার কিছুদিন পর তিনি বিয়ে করেন। তার সংসারে দুই সন্তান রয়েছে। সর্বশেষ নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন আনোয়ার। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।
আনোয়ারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত ও ছিদ্র রয়েছে। ঘাড়ের বাঁ পাশে চাপাতির কোপ এবং নাক ও মুখেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল শামীম হোসেন বলেন, অভিযানের অংশ হিসেবে রোববার রাতে ওই এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন আনোয়ার। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে চিনে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় সোমবার ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে ঘটনার পর শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নিহতের বড় ভাই শাহাবুদ্দিন মোল্লা জানান, নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে জানাজা শেষে আনোয়ারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।





































