ফতুল্লায় খাদ্যে ক্ষতিকর রং ও রাসায়নিক, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা বাজারে খাদ্যপণ্যের গুণগত মান যাচাইয়ে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
পরে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার ও একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং তিনটি বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।





































