বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় বিরোধের জেরে ছাত্রদল নেতা ও তাঁর বাবা আসামি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে জেলা ছাত্রদলের সাবেক এক নেতা এবং তাঁর বাবাকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলায় তাঁদের রাজনৈতিক পরিচয়ও ভুলভাবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
মেহেদী হাসানের দাবি, মামলায় তাঁকে ছাত্রলীগ নেতা এবং তাঁর বাবা ব্যবসায়ী আলতাফ হোসেনকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করে যথাক্রমে ৫ ও ৬ নম্বর আসামি করা হয়েছে। তাঁরা ফতুল্লার রাফমারবাগ এলাকার বাসিন্দা।
মেহেদীর অভিযোগ, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের কারণে ফতুল্লা থানা বিএনপির সহকোষাধ্যক্ষ তৈয়বুর রহমান তাঁদের নাম মামলায় অন্তর্ভুক্ত করিয়েছেন। মামলার বাদী কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। তাঁরা বিএনপির ভিন্ন দুটি রাজনৈতিক বলয়ের সঙ্গে যুক্ত থাকায় বিরোধের সৃষ্টি হয়েছে।
মেহেদী হাসান বলেন, ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বাধীন কমিটিতে তিনি সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরও তাঁকে ছাত্রলীগ নেতা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। তাঁর বাবাকেও আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাঁর অভিযোগ, তৈয়বুর রহমান আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ দলের জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান মেহেদী।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালখাঁ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মামলায় ছাত্রদলের কেউ আসামি হয়েছেন কি না, তা বাদী বলতে পারবেন। পুলিশ কারও দলীয় পরিচয় দেখে মামলা নেয় না। বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মামলার বাদী ফারুক মাতবর প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার। কোথায় কার নাম দিয়েছে ওটা তো বোঝা যায় না। মিসটেকও হতে পারে দুয়েকটা। যারা মামলা দিয়েছেন, তারা হয়তো জানেন না।’
তিনি আরও বলেন, ‘এটা সাংগঠনিক ব্যাপার। আমি সেভাবে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হিসেবে মামলার বাদী হয়েছি।’





































