২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫১, ২৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল ৮টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও মিছিলের প্রস্তুতির জন্য জড়ো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় রুজু করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে মাদানীনগরের নিমাইকাশারী এলাকা থেকে মাসুদ মিয়া (২৮) এবং একই দিন রাত ৮টা ২০ মিনিটে বাগমারা এলাকা থেকে রাহুল (২৫) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রাহুল ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়