২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ জুলাই ২০২৬

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

বাসা-বাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং তিতাসের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব সানারপাড়, মনু মিয়া মার্কেট, বক্সনগর, নিমাইকাশারী, মাদানীনগর, মুক্তিনগর ও রসুলবাগ এলাকার বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। অনেক সময় চুলায় গ্যাস থাকে না, আবার কখনো খুবই কম চাপের কারণে রান্না করা সম্ভব হয় না। একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

মনু মিয়া মার্কেট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বাবু বলেন, “নাসিকের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগলেও কর্তৃপক্ষ সমস্যার স্থায়ী সমাধান করেনি। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি। দ্রুত এ সমস্যার সমাধান চাই।”

সানারপাড় এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুই-তিন বছর আগেও একই দাবিতে মহাসড়কে কর্মসূচি পালন করেছিলাম। তখন তিতাস কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। অথচ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি। নিয়মিত গ্যাস না পেলেও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে গ্যাসের বিল পরিশোধ থেকেও বিরত থাকবেন ভুক্তভোগীরা।”

সর্বশেষ

জনপ্রিয়