১৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৬, ১৭ জুলাই ২০২৬

পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের পানিতে ডুবে মৃত্যু, তদন্ত কমিটি গঠন

পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের পানিতে ডুবে মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত মো. সাদিকের শীতলক্ষ্যা নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত কমিটিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, সাদিকের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ বাজার এলাকার কুমরাকান্দি গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাজবাড়ীর বাসিন্দা মো. সাদিক নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কারের কাজ করার সময় তিনি নিখোঁজ হন। প্রায় আট ঘণ্টা পর সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

জেলা ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, শীতলক্ষ্যা নদী ফায়ার স্টেশনের জেটির সামনে প্রায়ই কচুরিপানা জমে থাকে। বৃহস্পতিবার সকালে সাদিকসহ তিনজন ডুবুরি স্পিডবোট নিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় স্পিডবোটের সামনের দিকে থাকা সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনটি স্পিডবোট পাশাপাশি ছিল। কচুরিপানা পরিষ্কারের জন্য সাদিক নদীতে নামার সময় হয়তো স্পিডবোট ও পাশের পল্টুনের নিচে দিগ্বিদিক হারিয়ে ফেলেছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ গজ দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। স্রোতের কারণে মরদেহ ভেসে গিয়েছিল। তাঁর শরীর কোথাও আটকে ছিল না।’

ঘটনার সময় সাদিকের সঙ্গে থাকা অপর দুই ডুবুরির ধারণা, নদীতে পড়ে যাওয়ার সময় তিনি মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন বলেও জানান আব্দুল্লাহ আল আরেফিন।

উল্লেখ্য, গত বছর ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি হিসেবে রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন মো. সাদিক। গত মাসেও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি লেকে ডুবে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধারে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার সেই সাদিকই পানিতে ডুবে প্রাণ হারালেন।

সর্বশেষ

জনপ্রিয়