১১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ১১ জুলাই ২০২৬

আপডেট: ২২:১৪, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ নিয়ে শুধু অভিযোগ নয়, অর্জনও তুলে ধরতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জ নিয়ে শুধু অভিযোগ নয়, অর্জনও তুলে ধরতে হবে: এনডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জকে নিয়ে শুধু সমস্যার কথা না বলে এর অর্জন ও সম্ভাবনাগুলোও সামনে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয় যেন এখানে কিছুই নেই। অথচ দেশের অর্থনৈতিক ভিত্তি গঠনে এ জেলার অবদান অনস্বীকার্য। আমাদের অর্জনগুলোও মূল্যায়ন করতে হবে।”

মাসুকুল ইসলাম রাজীব বলেন, সমাজের নানা সমস্যা যেমন মাদক, যানজট বা কিশোর গ্যাং এসব জাতীয় পর্যায়ের চ্যালেঞ্জ। তবে এসব মোকাবেলায় স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা জরুরি।

তিনি আরও বলেন, “শুধু বক্তব্য-বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে হবে না। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে অনেক জটিল সমস্যাও দ্রুত সমাধান সম্ভব।”

ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে এ সমস্যা প্রকট হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে, তবে স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

যানজট সমস্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনিয়ন্ত্রিত যানবাহন ও আইন না মানার সংস্কৃতি পরিস্থিতিকে জটিল করেছে। এ থেকে উত্তরণে আইন মানার প্রবণতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের অবনতি এবং নৈতিক অবক্ষয় ভবিষ্যতের জন্য হুমকি। এ অবস্থার পরিবর্তনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

সভায় তিনি জানান, নারায়ণগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের মতামত গুরুত্ব পাবে।

তিনি বলেন, “আগামী ২৫ থেকে ৫০ বছর পরের নারায়ণগঞ্জ কেমন হবে—সেই লক্ষ্য নির্ধারণ করেই পরিকল্পনা নেওয়া হবে। এ ক্ষেত্রে নাগরিক সমাজ, ব্যবসায়ী, সাংবাদিকসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”

সভায় অংশগ্রহণকারীরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন ও বিকেএমইএʼর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়