নাগরিক সেবা নিশ্চিতে সোনারগাঁ পৌরসভা পরিদর্শনে এমপি মান্নান
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম নিশ্চিত করার লক্ষে সোনারগাঁ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন। পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত এবং চলমান কার্যক্রমের সার্বিক খোঁজখবর নিতেই তার এই আকস্মিক পরিদর্শন।
শনিবার (১১ জুলাই) সকালে দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ পৌরসভা কার্যালয়ে পৌঁছান।
পরিদর্শনের সময় তিনি পৌরসভার বিভিন্ন শাখার দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। নাগরিকদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, পৌরবাসী যাতে নির্ধারিত সময়ে সব ধরনের নাগরিক সেবা সহজে পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং করসহ প্রতিটি সেবাকার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা আমাদের দায়িত্ব। আমি চাই, জনগণের ভোগান্তি কমিয়ে সোনারগাঁ পৌরসভাকে একটি আধুনিক ও প্রকৃত জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে, যেখানে সাধারণ মানুষ কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই তাদের প্রাপ্য সেবা পাবেন।
তিনি জনগণের প্রত্যাশা পূরণে সেবার মান আরও বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
এমপি মান্নানের এই পরিদর্শন ও দিকনির্দেশনা পৌর এলাকায় সাধারণ মানুষের মধ্যে সেবার মান নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।





































