বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নাক্কী সজিবকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে র্যাব-১১ ও র্যাব-১০-এর একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাক্কী সজিব নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সোয়া ৯টার দিকে বন্দর থানার এনায়েতনগর এলাকার কল্যান্দী ভাঙা ব্রিজের কাছে একদল ছিনতাইকারী হোসিয়ারি শ্রমিক জোবায়েরের গতিরোধ করে। এ সময় তারা জোবায়েরের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জোবায়ের বাধা দিলে তাকে কোমরের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার কাছ থেকে একটি রেডমি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত জোবায়েরকে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্তের পর র্যাব-১০-এর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে পলাতক এজাহারভুক্ত আসামি নাক্কী সজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।





































