দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই
দেশ, জাতি ও মানবতার কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হলে প্রত্যেক কর্মীকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে নেতারা এ আহ্বান জানান।
শিক্ষা শিবিরে উপস্থিত বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে বলেন, বর্তমান জাতীয় সংকটের অন্যতম প্রধান কারণ হলো আদর্শিক ও নৈতিক নেতৃত্বের অভাব। এই বহুমুখী সংকট থেকে উত্তরণের জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "দেশ, জাতি ও মানবতার প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হলে সবার আগে প্রত্যেক কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। ব্যক্তি গঠনই হচ্ছে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের প্রথম এবং প্রধান ধাপ।"
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস। দিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।





































