নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে সরকার কাজ করছে: এমপি আবুল কালাম
নারায়ণগঞ্জের যানজট, নগর উন্নয়ন, সেতু, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে এসব উদ্যোগের সুফল দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শনিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল কালাম বলেন, গত সাড়ে চার মাসে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে। একটি প্রকল্প বাস্তবায়নে সময় লাগে। কাজগুলো সম্পন্ন হলে জনগণ তার সুফল দেখতে পাবেন।
তিনি বলেন, সাংবাদিক নেতারা অনুষ্ঠানে যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলোর অধিকাংশই বাস্তব। সবাই নারায়ণগঞ্জকে ভালোবাসেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে চান।
যানজট ও হকার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক নেতারা এ সমস্যা সমাধানে মাঠে কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৮ বছরে গড়ে ওঠা প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। "আগে আমাদের মাঠ পরিষ্কার করতে হচ্ছে, তারপর ফল আসবে।"
নবীগঞ্জ-হাজীগঞ্জ সেতু প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ২০১৬ সালে জনস্বার্থ বিবেচনায় প্রকল্পটি গ্রহণ করা হলেও পরবর্তী সময়ে নকশা ও অবস্থান পরিবর্তনের কারণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এখন আবার পরিবর্তন আনলে সময় ও জটিলতা আরও বাড়তে পারে। পাঁচ নম্বর ঘাটে নির্মাণাধীন সেতু নিয়েও ভবিষ্যতে যানজটের আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ৩০০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার দাবিও তিনি সংসদে উত্থাপন করেছেন। প্রয়োজন হলে বিদ্যমান সরকারি ভবন ব্যবহার করে প্রাথমিকভাবে মেডিকেল কলেজের কার্যক্রম চালুরও প্রস্তাব দিয়েছেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সময়ে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে টেলিভিশন সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরাসরি সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের কাছে বাস্তবতা তুলে ধরেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং দায়িত্ব।
অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বক্তব্য দেন।
জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহসভাপতি আমির হোসাইন স্মিথ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল, কার্যকরী সদস্য সৈয়দ সিফাত আল লিংকন, হাসান মজুমদার বাবলুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।





































