দ্বিতীয় দিনেও পরীক্ষাকেন্দ্রে টিম খোরশেদের হাতপাখা ও পানি বিতরণ
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে দ্বিতীয় দিনেও হাতপাখা ও মিনারেল ওয়াটার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ ও টিম খোরশেদের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার (৪ জুলাই) শহরের সরকারি মহিলা কলেজ এবং নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
সেবামূলক এ কার্যক্রমে টিম খোরশেদের স্বেচ্ছাসেবক রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভুইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা ও ইদ্রিস মিয়াসহ অন্যরা অংশ নেন।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা এসে তাপদাহের মধ্যে পরীক্ষা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাদের কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পর্যায়ক্রমে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত অভিভাবকদের কাছে দোয়া কামনা করেন।





































