ফ্যাক্টচেক: ৩২ নম্বরের সামনে আইভীর ছবিটি ভুয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধানমন্ডির ৩২ নম্বরের সামনে দাঁড়ানো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছবিটি ভুয়া। এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার করে সম্পাদনা (এডিট) করা হয়েছে। ধানমণ্ডির ওই ভাঙা ভবনের সঙ্গে আইভীর যে ছবিটি যুক্ত করা হয়েছে তা অন্তত চার বছর আগের।
অন্তর্জালে ছড়িয়ে পড়া মিথ্যা ও অপতথ্য শনাক্তে কাজ করা ‘ফ্যাক্টচেক’কারী প্রতিষ্ঠান ‘ডিসমিস ল্যাব’ও বিষয়টি অনুসন্ধানের মধ্য দিয়ে নিশ্চিত করেছে। তাদের ভাষ্য, ভেঙে ফেলার পর ধানমন্ডি ৩২ নম্বরের একটি ছবির সঙ্গে আইভীর একটি ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় যুক্ত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ও পুলিশের সূত্র বলছে, দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাভোগের পর সেলিনা হায়াৎ আইভী গত ৩ জুন রাতে জামিনে মুক্তি পান। রাতেই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সরাসরি তিনি নারায়ণগঞ্জে ফেরেন। শহরে ঢুকে তিনি প্রথম মাসদাইরের কেন্দ্রীয় সিটি কবরস্থানে প্রয়াত বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন। এরপর সরাসরি চলে আসেন দেওভোগের পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বিশ্লেষণে দেখা যায়, বত্রিশ নম্বরের বাসভবনটির সামনে ‘ভি’ চিহ্ন প্রকাশ করে দাঁড়ানো আইভীর ছবিটি ২০২২ সালের। ওই বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পান আইভী। বিজয়ী হবার পর গণমাধ্যমে দেওয়া অভিব্যক্তি হিসেবে তিনি ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন। যা পরবর্তীতে বাংলাদেশ বার্তা সংস্থা (বাসস) ছাড়াও একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে পুরোনো এই ছবিটিকে ভাঙা বত্রিশ নম্বরের বাড়িটির একটি ছবির সঙ্গে যুক্ত করে ছবিটি ‘কারামুক্তির পর আইভী বত্রিশ নম্বরের সামনে’ বলে প্রচার করা হয়েছে বলে ফ্যাক্টচেকিং-এর মধ্য দিয়ে নিশ্চিত করেছে ‘ডিসমিস ল্যাব’।
ছবিটি তৈরি করতে গুগলের ‘এআই টুল’ ব্যবহার করা হয়েছে।
আইভীর পরিবারের সদস্যরা জানান, সেলিনা হায়াৎ আইভী মুক্তির পর থেকে বাড়িতেই আছেন। তার সঙ্গে অনেকে দেখা করতে আসলেও বিদ্যমান পরিস্থিতি তা এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আইভীর নামে বেশকিছু ভুয়া ফেসবুক একাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। যার একটিও আইভী পরিচালনা করেন না।





































