০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ৭ জুন ২০২৬

রিকশার লাইসেন্স কমিয়ে আনার প্রস্তাব আশার

রিকশার লাইসেন্স কমিয়ে আনার প্রস্তাব আশার

নারায়ণগঞ্জ শহরে প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি বলেন, লাইসেন্স ১০ থেকে ১২ হাজারের মধ্যে থাকলে আপত্তি নেই। কিন্তু এর বেশি হলে আপত্তি আছে।

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাইরেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, নাগরিক মহল, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে জানান সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

এ সময় একজনের প্রশ্নের জবাবে আবুল কাউসার আশা বলেন, “দশ হাজার লাইসেন্স দেন, আমার তো কোনো আপত্তি নাই। ৫ হাজার বা ১০ হাজারে আপত্তি নাই, কিন্তু ১৮ হাজারে আপত্তি আছে।”

তিনি আরও বলেন, “তালিকা প্রণয়নের বিষয়ে সতর্ক থাকতে হবে। একজন একজন করে দিতে গেলে খাতিরের লোককে দেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। দুর্নীতি ও ভেজালের আশঙ্কা থাকবে। হকার ইস্যুর মতো এখানেও সমস্যা হতে পারে। লিস্টটা কারা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।”

লাইসেন্স প্রদানের আগের কমিটির সভাপতি ছিলেন জানিয়ে সাবেক এ কাউন্সিলর বলেন, “আমরা সব ডাটা কালেক্ট করেছি। থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক পার্থক্য আছে। কাগজে-কলমে দেখানো হয়েছে ৫ হাজারের বেশি ধারণক্ষমতা নেই, কিন্তু বাস্তবে এখানে দেড় লাখের বেশি চলছে। এটাকে যদি নিয়মের মধ্যে এনে ৫ হাজারের জায়গায় ১০ হাজারে নিয়ে যাওয়া যায়, তাহলে নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে থাকবে, আপনাদের জন্যও রিল্যাক্স হবে।”

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়