০৭ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ৭ জুন ২০২৬

ট্রাফিক বিভাগের অদক্ষতায় যানজট প্রকট: অ্যাডভোকেট মাসুম

ট্রাফিক বিভাগের অদক্ষতায় যানজট প্রকট: অ্যাডভোকেট মাসুম

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অদক্ষতার কারণে নারায়ণগঞ্জে যানজট প্রকট। প্রতিদিন আদালতে যাওয়ার পথে আমি লক্ষ্য করি, কিছু কর্মকর্তা দায়িত্বে থাকলে যানজট তুলনামূলকভাবে কম থাকে। আবার দায়িত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের মধ্যে একটি রাস্তা যদি ১৫ থেকে ২০ মিনিট বন্ধ থাকে, তাহলে দুই নম্বর রেলগেটসহ পুরো শহরে যানজট ছড়িয়ে পড়ে।”

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

এ সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাইরেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, নাগরিক মহল, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে জানান সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

এ সময় অ্যাডভোকেট মাসুম আরও বলেন, “একটা সুন্দর নারায়ণগঞ্জ চাই। অনেকে বলে যে রাজশাহী নাকি সুন্দর সিটি কর্পোরেশন বাংলাদেশে। আমাদের তো স্বপ্ন জাগে যে রাজশাহীকে বাইপাস করে আমরা নারায়ণগঞ্জকে সুন্দর করতে চাই। এটা হল আমাদের মূল একটা চিন্তা। এই চিন্তা থেকেই আমাদের কাজটা করতে হবে।”

ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যে ট্রাফিক বিভাগ যতদিন ঠিক না হবে ততক্ষণ আপনারা সব চেষ্টা করবেন, সব চেষ্টা ফেল করবে। অনেক সময় দেখা যায়, সড়কে যানজট সৃষ্টি হওয়ার পরও কয়েকজন ট্রাফিক সদস্য একসঙ্গে বসে থাকেন। এ বিষয়ে সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। আমরা কাউকে দোষ দেই না, তাদের ট্রেনিং নাও থাকতে পারে।”

তিনি আরও বলেন, “এটা ছিল রিকশার শহর। কোনো কালে এখানে কোনো মিশুক আসে নাই, অটো ছিল না। কিন্তু আমাদের অতীতে যারা সরকারি পর্যায়ে আমলাতান্ত্রিক শাসক এসেছে, তারাই এই অটোরিকশার সংখ্যা বাড়িয়েছে, যা এখন শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু তাদের একটি মেকানিজম হয়ে গেছে। যে কারণে আমরা বারবার আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছি।”

“কিন্তু দেখা গেছে যে নিচতলায় বসে আছে অটোরিকশা মালিক সমিতির লোকজন, উপরে আছে কর্মকর্তারা। এইভাবে অনেক লাইসেন্স ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তারা ব্যাখ্যা দিয়েছে যে আমরা রিকশাগুলোকে কনভার্ট করার জন্য এই অনুমোদন দিয়েছি,” যোগ করেন মাসুম।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়