অটোরিকশার লাইসেন্সের জন্য নীতিমালা করতে হবে: রফিউর রাব্বি
শহরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদানের জন্য নীতিমালায় কাদের, কীসের ভিত্তিতে দেওয়া হবে তা পরিষ্কার থাকতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি।
এক্ষেত্রে হকার বা রিকশা চালকদের অগ্রাধিকার দেওয়া হবে কিনা কিংবা সিটি কর্পোরেশনের বা বাইরের বাসিন্দাদের কীভাবে বিবেচনা করা হবে তাও উল্লেখ থাকবে হবে বলে জানান রাব্বি।
রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।
এ সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাইরেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, নাগরিক মহল, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে জানান সিটি প্রশাসক।
সভায় রফিউর রাব্বি বলেন, “এক্ষেত্রে কিছু বিষয় জানতে হবে। বর্তমানে কতগুলো লাইসেন্স দেওয়া আছে, সেই সংখ্যাটা জানা দরকার। তার উপর আমাদের এই সড়ক অনুযায়ী কতগুলো রিকশা ও অটোরিকশা চলতে পারে, সেই তথ্যটা বের করা হয়েছে কিনা। এর আগে যাদেরকে ১৭ থেকে ১৮ হাজার বা একাধিক লাইসেন্স দেওয়া হয়েছে, সেই লাইসেন্সগুলো কতজনকে দেওয়া হয়েছে, সেই তালিকাটা আমাদের সামনে থাকতে হবে।”
“এই লাইসেন্সগুলো যারা নিয়েছেন, তাদের মধ্যে কতজন নিজে গাড়ি চালান, তা বের করতে হবে। যারা নিজের গাড়ি নিজে চালান, অগ্রাধিকার তাদেরই পাওয়া উচিত। যারা লাইসেন্স পেয়েছেন তাদের মধ্যে কতজন এই সিটি কর্পোরেশনভুক্ত নাগরিক, তা তাদের এনআইডি দেখে যাচাই করতে হবে। আমাদের এই তথ্যটা লাগবে যে, সিটি কর্পোরেশনের ভেতরে এতজন কাজ করেন এবং বাকি এতজন সিটি কর্পোরেশনের বাইরে আছেন।”
সিটি প্রশাসক এ সময় বলেন, সব ধরনের তথ্য তাদের সরবরাহ করা হবে।
রাব্বি বলেন, “এই তথ্যগুলো আমাদের এখানে লাগবে। তারপর এই তথ্যগুলোকে সামনে রেখে আমাদের একটি নীতিমালা তৈরি করতে হবে। যেমন- প্রশাসক সাহেব যেটা বললেন একটার বেশি লাইসেন্স দেওয়া হবে না, কিংবা যারা নিজের গাড়ি নিজে চালান তাদেরকে আমরা অগ্রাধিকার দেবো কিনা তা আমরা ঠিক করব। অথবা আরেকটি পয়েন্ট হলো হকার যারা আছেন তাদেরকে আমরা এখানে অগ্রাধিকার দেবো কিনা। এছাড়া সিটি কর্পোরেশনভুক্ত নাগরিক যারা তাদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে আর বাইরের নাগরিক যারা আছেন, তাদের ক্ষেত্রেই বা আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে এই বিষয়গুলো নীতিমালায় থাকতে হবে।”
সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।





































