০১ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৩:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় বি আর আই ব্রাদার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এ কারণে কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে এসে অবরোধ করেন।

তিনি আরও জানান, মালিকপক্ষ জানিয়েছে ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী সোমবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়