২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আমার জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে: আবুল কালাম

আমার জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে: আবুল কালাম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৫ আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি নিজের দায়িত্ব ও কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আবুল কালাম বলেন, “আমার কিন্তু জবাবদিহিতার পর্যায়ে আছে। পাঁচ বছরের জন্য জনগণ আমাকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে। আমাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। জনস্বার্থে কাজের ক্ষেত্রে আমাদের সকলকে পরিবারসদস্যের মতো সমন্বয় বজায় রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমার অতীত রেকর্ডে কখনো কোনো কর্মকর্তা বা কর্মচারীকে ব্যক্তিগত অপছন্দের কারণে স্থানচ্যুত করা হয়নি। আইনশৃঙ্খলা, চাঁদাবাজি ও জনস্বার্থবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসন নীরবভাবে দায়িত্ব পালন করবে, আমার দিক থেকে কোনো তদবির থাকবে না।”

এছাড়া আবুল কালাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, স্থগিত বা বাধাগ্রস্ত প্রকল্প এবং আগামী দিনের পরিকল্পনা বিষয়ে স্পষ্ট তথ্য প্রদান করতে হবে। জনসাধারণের চাহিদা ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে তা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।”

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়