নারায়ণগঞ্জে ভোট গ্রহণ শুরু
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাসদ, সিপিবি, রিপাবলিকানসহ বিভিন্ন দলের মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন (ফুটবল), বিএনপির অ্যাডভোকেট আবুল কালাম (ধানের শীষ), গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন (মাথাল), ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (চেয়ার), ইসলামী আন্দোলনের মুফতি মাছুম বিল্লাহ (হাতপাখা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেওয়ালঘড়ি), বাসদের আবু নাঈম খান বিপ্লব (মই), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা (ছড়ি), সিপিবির মন্টু চন্দ্র ঘোষ (কাস্তে) ও গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন (ট্রাক)।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর আংশিক) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন দিলেও জাতীয় পার্টির সালাউদ্দিন খোকা মোল্লা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন সরে দাঁড়ানোয় চূড়ান্ত লড়াই ১১ জনের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন- মনির হোসাইন কাসেমী, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল আমিন, মুফতি ইসমাঈল সিরাজী, সেলিম মাহমুদ, মো. সুলাইমান দেওয়ান, ইকবাল হোসেন, আরিফ ভূঁইয়া ও সেলিম আহমেদ।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আজহারুল ইসলাম মান্নান, মুহাম্মদ গিয়াস উদ্দিন, রেজাউল করিম, ইকবাল হোসেন ভূঁইয়া, অঞ্জন দাস, আতিকুর রহমান নান্নু মুন্সী, গোলাম মসীহ, আবদুল করিম মুন্সী, মো. শাহজাহান, আরিফুল ইসলাম ও মো. ওয়াহিদুর রহমান মিল্কী।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান আঙ্গুর, হাফিজুল ইসলাম, ইলিয়াস মোল্লা, কামরুল মিয়া ও মাওলানা মো. হাবিবুল্লাহ।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন ও ওয়াসিম উদ্দিন সরে দাঁড়ানোয় চূড়ান্ত লড়াই ৫ জনের মধ্যে- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আনোয়ার হোসেন মোল্লা, মো. ইমদাদুল্লাহ, মনিরুজ্জামান চন্দন ও মো. রেহান আফজাল।
জেলায় পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন, নারী ১১ লাখ ৬৭ হাজার ২৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০ জন। ভোটগ্রহণের জন্য ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের হিসাবে এর মধ্যে ৫৬ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জেলায় ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আচরণবিধি তদারকিতে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।





































