১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-২:

জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজের অভিযোগ

জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজের অভিযোগ

নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী এজেন্ট মাওলানা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিখোঁজের ভাগনে ছাব্বির বাদী হয়ে জিডিটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

নিখোঁজ মাওলানা মাহাবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এবং সংশ্লিষ্ট আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বজনদের দাবি, বুধবার দুপুর ১২টার দিকে বাসায় ফেরার পথে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর তিনি বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে কিছু বার্তা পাঠানো হয় বলে জানান স্বজনরা। ওই বার্তাগুলোতে তাকে উদ্বিগ্ন মনে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল নম্বর ট্রেস করা হয়। এতে দেখা যায়, স্বজনদের উল্লেখ করা সময়ে তিনি আড়াইহাজারে ছিলেন না; বরং ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে অভিযোগকারীকে ঢাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়