‘ভোট ফর মান্নান’ প্রচারে সরগরম অনলাইন
জেলার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী মাঠ টানা প্রায় তিন সপ্তাহ ধরে ছিল সরগরম। দিন-রাত একটানা মিছিল, সভা, গণসংযোগ ও সমাবেশে মুখর ছিল পুরো জেলা। তবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাত ১২টার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হলে শুরু হয় নীরবতা।
সরাসরি প্রচারণা বন্ধ থাকলেও প্রার্থী এবং তাদের সমর্থকদের তৎপরতা পুরোপুরি থেমে থাকে নি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে শেষ মুহূর্তের প্রচারণা চালানো হচ্ছে ব্যাপকভাবে। প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা চেষ্টা করছেন ভোটারদের মন জয় করে ভোট নিজেদের পক্ষে নিতে।
নির্বাচনী নীরবতার সময়ে মাইকিং কিংবা জনসমাবেশ নিষিদ্ধ থাকলেও ফেসবুক লাইভ, রেকর্ড করা ভিডিও, পুরোনো বক্তব্য ও কর্মসূচির ক্লিপ শেয়ার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের।
নির্বাচনী সভাগুলোতে ঐকবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি তারেক রহমানকে উপহার দেয়ার যে ঘোষণা দিয়েছিলেন মান্নান, সেই প্রত্যয়ে মান্নানের পক্ষে 'ভোট ফর মান্নান' অনলাইন ক্যাম্পিংয়ে কাজ করে চলেছে সোনারগাঁ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ফলে সোনারগাঁয়ের জনপ্রতিনিধি ও দলীয় শীর্ষ নেতা হিসেবে উপজেলাটিতে তার অবস্থান বেশ শক্ত।





































