জোটের কারণে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি, দাবি মোহাম্মদ আলীর
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করেছি এবং ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবার বিএনপি জোটের কারণে আমাকে বা অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আপনাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর ও খিজিরপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ আলী বলেন, “আমি আপনাদেরই সন্তান। এই এলাকার সমস্যা সম্পর্কে আমি অবগত। কোথায় কী সমস্যা, কারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত—সবই জানা আছে। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান এবং সন্ত্রাস দমনে কাজ করবো।”
তিনি আরও বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে অনুরোধ—আগামী ১২ তারিখে সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমার পাশে দাঁড়ান, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “মা-বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ—আপনারা যদি ঘরে ঘরে গিয়ে ভোট চান, আমার ছবি দেখলে কেউ আপনাদের বাধা দেবে না। আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ দিতে ১২ তারিখ হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”





































