০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে ‘কাস্তে মার্কায়’ ভোট প্রার্থনা করছেন লায়লা ইকবাল

বাড়ি বাড়ি গিয়ে ‘কাস্তে মার্কায়’ ভোট প্রার্থনা করছেন লায়লা ইকবাল

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত ‘কাস্তে মার্কা’ প্রার্থীর সহধর্মিনী লায়লা ইকবাল বাড়ি বাড়ি গিয়ে নারীদের ‘কাস্তে মার্কায়’ ভোট দেওয়ার জন্য প্রার্থনা করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তল্লা সবুজবাগ, চানমারি ও খাঁপুর এলাকায় তিনি এ প্রচারণা চালান। এর সঙ্গে ছিলেন তল্লা এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াহাবের কন্যা আশুরা খাতুন লিপি, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের তল্লা ৯ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আইমুন সুলতানা রুবা, ওয়াহিদা খানম পাড়ুলসহ শতাধিক নারী কর্মী ও সমর্থক।

গণসংযোগকালে লায়লা ইকবাল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুখ-দুঃখ ও সমস্যা শুনেন।

তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, “আমার স্বামী, শ্রমিক নেতা ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন নেতা। তিনি গরীব ও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন। অত্যন্ত সৎ, নীতি ও আদর্শবান। সব সময় শোষিত মানুষের পক্ষে কথা বলেন। তিনি সাধারণ পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত এবং শোষণমুক্ত সমাজ গঠনে নিবেদিত।”

লায়লা ইকবাল আরও বলেন, ফতুল্লার জনগণ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি এই এলাকার মানুষের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কমিউনিস্ট পার্টি প্রকৃত অর্থে জনগণের পক্ষের রাজনীতি করে। জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ দেশ গঠনই পার্টির মূল লক্ষ্য।

তিনি পরিবর্তনের বার্তা দিয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে, আমার স্বামী ফতুল্লাবাসীর সংকট সমাধানে যথাযথ উদ্যোগ নেবেন। নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মনির্ভরশীল করা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও দখলকৃত খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে। এছাড়া সামাজিক ন্যায়বিচার, শিক্ষার মান উন্নয়ন, দূষণমুক্ত পরিবেশ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা প্রদান করা হবে।”

তিনি বলেন, “আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে শোষণ ও বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”

সর্বশেষ

জনপ্রিয়