নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে যা বললেন বিএনপি নেতা নিজাম উদ্দিন
সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিনের দেওয়া এক বক্তব্যকে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। ভোটারদের হুমকি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং ঘরোয়া পরিবেশে আত্মীয়দের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে ওই বক্তব্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
রবিবার (১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় মো. নিজাম উদ্দিন এসব কথা বলেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার যে বক্তব্যটি ভাইরাল করা হয়েছে, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এখান থেকে আরও অনেকে মনোনয়ন নিয়েছে এবং বিএনপি ইতোমধ্যে দুই-তিনজনকে বহিষ্কারও করেছে। প্রার্থীদেরও বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে অনেকে দিনের বেলা আমাদের সঙ্গে ধানের শীষের প্রচার-প্রচারণায় থাকে, আর রাতের বেলায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিরোধীদের সঙ্গে গিয়ে আঁতাত করে। তাদের বোঝানোর উদ্দেশ্যেই আমার এই বক্তব্য। আমি কোনো সাধারণ ভোটারকে এ কথা বলিনি এবং যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই আমার আত্মীয়স্বজন।”
তিনি আরও বলেন, “আমি সেদিন পার্শ্ববর্তী গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যেখানে বেশিরভাগই আমার আত্মীয়স্বজন ছিল। তাদের নিয়ে আমি একটি উঠান বৈঠকের আয়োজন করি। নিজস্ব ঘরোয়া পরিবেশে আমরা ঘরোয়া আলাপ-আলোচনা করি। যার এক পর্যায়ে একজন বলেন, আপনারা প্রচারণা চালান কিন্তু আপনাদেরই লোক রাতে আবার অন্যদিকে থাকে। ভিডিওটা আমি নিজেই ছেড়েছি। আমার ভেতরে কোনো খারাপ অভিলাষ থাকলে আমি ভিডিওটা হাইড করতাম।”
তিনি বলেন, “ওই দিন আমি বলেছি, যারা আমাদের সঙ্গে থেকে মিশে অন্যদের সঙ্গে রাতের আঁধারে ঘোরাফেরা করেন, সময় আছে- ধানের শীষের ছায়াতলে আসুন। পরবর্তীতে আমাদেরকে কেউ কিছু বলতে পারবেন না। কারণ আপনারা কে কী করেন বা না করেন, সবকিছু আমার জানা। কারণ তারা আমার আত্মীয়স্বজন- আমি তো জানবই, খবর আসবেই।”
সাদীপুর গ্রামের ভোটারদের জিজ্ঞাসা করলে সত্যতা মিলবে জানিয়ে তিনি বলেন, “জিজ্ঞাসা করুন, আমি কোনো ভোটারকে হুমকি বা ভয়ভীতি দেখিয়েছি কি না। তাহলেই প্রমাণ পাওয়া যাবে। আমি শুধুমাত্র আমার আত্মীয়স্বজনদের বোঝানোর উদ্দেশ্যেই এই কথা বলেছি। তারপরও বিষয়টিকে নিয়ে অনেকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আমার প্রতিপক্ষ আমাকে ঘায়েল করা এবং হেয়প্রতিপন্ন করার জন্য উল্টোভাবে প্রচার করেছে। এ ধরনের অপপ্রচার থেকে আপনারা বিরত থাকুন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”





































