উন্নয়ন কাজের মানের ব্যাপারে সজাগ থাকতে হবে: রাজীব
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “সবকিছুর আগে বাংলাদেশ। নতুনভাবে দেশকে বিনির্মাণ করার জন্য দল-মত নির্বিশেষে সকল মতপার্থক্য ভুলে দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশে শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কটির সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উন্নয়ন কাজের মান বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, “পূর্বে আমরা দেখেছি, সামান্য বৃষ্টি হলেই রাস্তা ভেঙে যেত, এবার যেন তেমনটি না হয়। কাজের মানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া, ইউএনও সাহেব যেমনটি বলেছেন- কোনো অবস্থাতেই এই রাস্তা সংকুচিত করার সুযোগ যেন কেউ না পায়, সে ব্যাপারেও সবাইকে খেয়াল রাখতে হবে।”
এই সড়কের সংস্কার না হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা আজ পূরণ হলো। এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে মানুষকে দীর্ঘদিন অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়েছে। সবার সহযোগিতায় আজ এই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।





































