চট্টগ্রামের বন্যার্ত ৫০০ পরিবারের পাশে বিভা হাসান
চট্টগ্রামের বন্যাকবলিত দুই উপজেলার ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।
মঙ্গলবার (২১ জুলাই) বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি ও তার স্বেচ্ছাসেবক দল।
এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন বিভা হাসান ও তার স্বেচ্ছাসেবী দলের সদস্যরা।
স্বেচ্ছাসেবীরা জানান, মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছে তারা প্রথমে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্লিপ বিতরণ করেন। পরে স্লিপ অনুযায়ী প্রত্যেক পরিবারের হাতে এক বস্তা চাল ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বিভা হাসান ও তার দলের জন্য দোয়া কামনা করেন।
ত্রাণ বিতরণকালে বিভা হাসান বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসা উচিত।”
এ সময় তিনি ত্রাণ কার্যক্রমে সহযোগিতাকারী সকল ব্যক্তি এবং তার স্বেচ্ছাসেবী দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





































