২২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২০, ২১ জুলাই ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এনসিপির

জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি এনসিপির

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে উপস্থিত ছিলেন, বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

বক্তারা বলেন, "নৈরাজ্যের সময় আমরা পেরিয়ে এসেছি। কিন্তু সেই নৈরাজ্য আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ ও কমিটি গঠনের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ তাদের পুরোপুরি নিষিদ্ধ করার কার্যকর পদক্ষেপ বর্তমান সরকার নিচ্ছে না।"

জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের সমালোচনা করে তারা বলেন, "সারা দেশে জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোকে লক্ষ্য করে নাশকতার চেষ্টা চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শক্ত কোনো প্রতিরোধ দেখা যাচ্ছে না। দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভ নারায়ণগঞ্জে স্থাপিত হলেও বারবার দাবি জানানো সত্ত্বেও এটিকে প্রয়োজনীয় অবকাঠামোগত নিরাপত্তার আওতায় আনা হয়নি। পর্যাপ্ত নজরদারির অভাবেই দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে।"

সরকার ও বিএনপির সমালোচনা করে বক্তারা বরেন, "জুলাইয়ের চেতনা ধারণের কথা বলা হলেও, এই ঘটনার পর সরকারি দল কিংবা বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ দেখা যায়নি। অথচ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।"

সমাবেশে বক্তারা জানান, বুধবার এনসিপির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে কি না, তা জানতে চাওয়া হবে। মামলা না হয়ে থাকলে অবিলম্বে মামলা দায়ের, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, জেলা এনসিপির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, জেলা যুবশক্তির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ হাসান, সাবেক সিনিয়র মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, ফতুল্লা থানা এনসিপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ দল ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়