ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর পৌনে ৭টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০) এবং শিবু মার্কেট ব্যাংকের মোড় এলাকার মো. রাকিবুল ইসলাম অপু (২৫)।
অভিযানকালে মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড ক্রাইম রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





































