১৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩০, ১৭ আগস্ট ২০২৬

বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান চালায়। আটক রনি আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ডেমরার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন বের করে দেন। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক ওয়েট মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির বিরুদ্ধে আড়াইহাজার ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটক রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

সর্বশেষ

জনপ্রিয়