ইরানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে শহরে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও দিনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবি জেলা সম্পাদক বিমল কান্তি দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও কবি মুহাম্মদ সেলিম।
রফিউর রাব্বি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু উভয়েই নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী। তারা মানবতা বিরোধী ও গণহত্যাকারী। এই দুই ব্যক্তি আজ বিশ্ব শান্তির জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছেন। জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ মধ্যপ্রাচ্য শুধু নয় গোটা বিশ্বকে আজকে অনিরাপদ করে তুলেছে।
তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্প নয়া হিলারে আবির্ভূত হয়েছেন। যাকে ইচ্ছা হত্যা করছেন, যাকে ইচ্ছা দেশ থেকে তুলে আনছেন। জাতিসংঘ অকার্যকর হয়ে আমেরিকার তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমনি বর্বরতার বিরুদ্ধে সভ্য দাবি করা কোন দেশ যথাযথ প্রতিবাদ পর্যন্ত করছে না। বাংলাদেশ সরকার বা বিরোধী দলগুলো থেকে পর্যন্ত আমেরিকার এই বর্বরতার বিরুদ্ধে জোরালো কোন প্রতিবাদ নেই।”
এ সময় বক্তারা ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনোর তীব্র নিন্দা জানান।





































