০৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৩, ৩ মার্চ ২০২৬

আমার বিজয় প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চায়: আল আমিন

আমার বিজয় প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চায়: আল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নারায়ণগঞ্জ জেলা এর উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন। ল’ইয়ার্স কাউন্সিল নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার এই বিজয় প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ পরিবর্তন চায় বলেই আমাদের দলকে না চিনলেও আমাকে ভোট দিয়ে জয়ী করেছে।”

নারায়ণগঞ্জের ইমেজ সংকট নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা। এই কলঙ্ক মুছতে আমাদের কাজ করতে হবে। আইনজীবীরা এগিয়ে আসলে এখানে ভালো কিছু সম্ভব। আইনের শাসন কায়েম হলে নারায়ণগঞ্জের উন্নয়ন হবে এবং নাগরিকদের মর্যাদা রক্ষা পাবে। যেকোনো ভালো কাজে আমাকে পাশে পাবেন, তবে খারাপ কাজে সাথে থাকার প্রয়োজন নেই।”

মাহফিলের প্রধান বক্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বলেন, “রমজান হলো হেদায়েতের মাস। কোরআন মানুষকে সহজ ও সুষ্পষ্ট পথ দেখায়। কোরআনের আইন বিজয়ী হলে এবং নামাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে দেশে আর চাঁদাবাজি থাকবে না। জাকাতভিত্তিক সমাজ হলে বেকারত্ব দূর হবে।” তিনি আরও বলেন, “মানুষ এখন প্রকৃত আইনের শাসন চায় এবং ইসলামের আইন জয়ী হলে সকল ধর্মের মানুষ সুফল পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, ও সেক্রেটারি এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং পেশাগত জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ল’ইয়ার্স কাউন্সিল ও জামায়াতে ইসলামী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নারায়ণগঞ্জ জেলা এর সভাপতি এডভোকেট মোঃ মাইন উদ্দিন মিয়া, সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি এডভোকেট ইসরাফিল হোসেন।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজ মোল্লা, নারায়ণগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট জাকির, এডভোকেট ওমর ফারুকসহ ল’ইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক মহানগরী জামায়াত আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ।

সর্বশেষ

জনপ্রিয়