০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৫:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

নির্বাচনী মাঠে শঙ্কা, গানম্যান ও আগ্নেয়াস্ত্র চাইছেন প্রার্থীরা

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা শঙ্কায় ‘গানম্যান’ চেয়ে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আবেদন করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া, আরও দুই প্রার্থী তাদের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র দু’টি নিজেদের জিম্মায় পেতে আবেদন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে দশ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ‘গানম্যান’-এর জন্য আবেদন করেছেন। তার এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত এখনো প্রক্রিয়াধীন থাকলেও অন্তর্বর্তী সময়ের জন্য তাকে একজন পুলিশ কনস্টেবলের মাধ্যমে ‘শ্যাডো প্রটেকশন’ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ফতুল্লার কাশিপুরে গণভোটের গণসংযোগের সময় আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানোর অভিযোগ ওঠে।

অন্যদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা মো. শাহ্ আলম তার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি নিজের সঙ্গে বহন করার অনুমতি চেয়েছেন। এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি তার আগ্নেয়াস্ত্রটি থানায় জমা দেওয়া ছিল সেটি নিজের জিম্মায় চেয়েছেন।

এ দুই প্রার্থীর আবেদনের বিষয়টি জেলা পুলিশের বিশেষ শাখা থেকে অনুমোদনপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন তারেক আল মেহেদী।

এছাড়া, নতুন আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন। তার আবেদনের বিষয়ে প্রতিবেদন জেলা পুলিশের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়