০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসন মুখে মুখে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে: আল আমিন

প্রশাসন মুখে মুখে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে: আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন অভিযোগ করে বলেছেন, “প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যেন তারা কার্যকর ভূমিকা রাখে। কারণ আমরা দেখছি, প্রশাসন মুখে মুখে বলছে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। অথচ মাঠে দেখা যাচ্ছে- অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে কোথাও তোরণ নির্মাণ করছে, কোথাও ভোটারদের টাকা দিচ্ছে, আবার কোথাও হুমকি-ধমকির ঘটনাও ঘটছে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, “এসব অনিয়মের পরও প্রশাসনের দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না। কোথাও কেবল লোক দেখানো পদক্ষেপ নেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

ভোটারদের মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৬-১৭ বছর ভোটাররা প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। সেই বাস্তবতা থেকে এবার ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা চায় একটি সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু নির্বাচন হোক, যাতে কেউ সন্ত্রাস বা গায়ের জোরে কেন্দ্র দখল করতে না পারে।”

তিনি বলেন, “আমরা একটি প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড চাই এবং প্রত্যাশা করি ভোটারদের এই উচ্ছ্বাস ও ভোট বিপ্লবের মাধ্যমে আগামী ১২ তারিখ পরিবর্তনের পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ।”

পরিবর্তনের রূপরেখা তুলে ধরে আবদুল্লাহ আল আমিন বলেন, “এই পরিবর্তন হবে রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান, নিরাপদ ও প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়া এবং অবহেলিত জনপদ থেকে সুন্দর আবাসন ও সমৃদ্ধ জনপদের দিকে যাত্রার পরিবর্তন।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছি। শুরুতে অনেকেই বিষয়টি জানতেন না, তবে এখন নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষ জানেন- আরও একটি ভোট দিতে হবে, ‘হ্যাঁ’ বা ‘না’। বর্তমানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরালো এবং মানুষ এতে ইতিবাচক সাড়া দিচ্ছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ ‘হ্যাঁ’ ভোট ও শাপলা কলি একসঙ্গে বিজয় হবে।”

সর্বশেষ

জনপ্রিয়