২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২৬

যানজট নিরসন-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে যুবদলের কর্মসূচি

যানজট নিরসন-চাঁদাবাজি বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে যুবদলের কর্মসূচি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল-এর সদস্য শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নির্দেশনা রয়েছে সড়কে বিশৃঙ্খলা রোধ ও চাঁদাবাজি বন্ধের জন্য।

তিনি বলেন, রমজানে যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে জানাতে আহ্বান জানান তিনি। অবৈধ লেনদেনের মাধ্যমে দলের বদনাম করা হলে তা সহ্য করা হবে না বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, “কেউ যদি অবৈধভাবে টাকা নিতে আসে, আমাকে চুপচাপ জানাবেন। আমি সমাধান করতে না পারলে আপনারা প্রতিবাদ করবেন। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।”

যানজট নিরসনে কিছু তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান তিনি। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলা হবে এবং মূল সড়কে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেন। নির্ধারিত স্থানের বাইরে অটো দাঁড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

পাশাপাশি ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম বলেন, “হকভাবে ব্যবসা করতে চাইলে আমরা সহযোগিতা করব। তবে অবৈধ লেনদেন করলে যে দেবে এবং যে নেবে—দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করেন এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানান। রমজান মাসে জনভোগান্তি কমাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়