সস্তাপুরে সালিশি বৈঠকে মাদক কারবারিদের হট্টগোল, সাংবাদিককে মারধরের চেষ্টা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে একটি সালিশি বৈঠকে বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক যুবককে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক সাংবাদিকের ওপর চড়াও হন অভিযুক্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৭টার দিকে ফতুল্লার সস্তাপুর মাজারের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আনসার সদস্য নবী হোসেনের ছেলে রাসেল তাঁর বাবার একটি ইজিবাইক দক্ষিণ সস্তাপুর এলাকার মধুওয়ালার ছেলে মাসুমের (৩৫) কাছে বন্ধক রাখেন। অভিযোগ রয়েছে, রাসেল ওই ইজিবাইক বন্ধক রেখে মাসুমের কাছ থেকে ইয়াবা কেনেন এবং তাঁরা একসঙ্গে মাদক সেবন করেন। পরে আরও কিছু টাকা দিয়ে রাসেলের কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে আনসার সদস্য নবী হোসেন মাসুমের কাছে ইজিবাইক সম্পর্কে জানতে চান। এ সময় মাসুম দাবি করেন, তিনি ৫৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্পের মাধ্যমে রাসেলের কাছ থেকে ইজিবাইকটি কিনে নিয়েছেন।
অন্যদিকে রাসেল তাঁর বাবাকে জানান, তিনি মাসুমের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ইজিবাইকটি বন্ধক রেখেছেন এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।
এ ঘটনায় নবী হোসেন ফতুল্লা মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে শুক্রবার রাত ৭টার দিকে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার জন্য উভয় পক্ষ সস্তাপুর মাজারের অফিস কক্ষে দৈনিক যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধানের কাছে আসেন।
অভিযোগ রয়েছে, সালিশি বৈঠকের একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতা নাজমুল হকের নাম ব্যবহার করে রাসেলকে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মাসুম ও তাঁর সহযোগীরা। এ সময় সাংবাদিক আলামিন প্রধান বাধা দিলে তাঁরা তাঁর ওপরও চড়াও হন এবং মারধরের চেষ্টা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফতুল্লা মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাংবাদিক আলামিন প্রধানের নিরাপত্তা নিশ্চিত করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।





































