২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৫২, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৫, ২৪ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ

আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড পোশাক কারখানায় আবারও চার নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরপর দুই দিন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে শ্রমিক-কর্মচারীরা যথারীতি কারখানায় প্রবেশ করেন। সকাল ৭টার দিকে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়।

এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টার মধ্যে পর্যায়ক্রমে চারজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত চিকিৎসার জন্য বেপজা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রায় ৪০ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) একই কারখানায় একাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদেরও বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরপর দুই দিনে শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় কারখানায় উদ্বেগ আরও বেড়েছে।

তবে শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

জনপ্রিয়