২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ২০ আগস্ট ২০২৬

আপডেট: ২১:১৩, ২০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সিমেন্টবাহী পিকআপে হামলা, লুটপাট

সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সিমেন্টবাহী পিকআপে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সিমেন্টবাহী একটি পিকআপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় চাপাতি ও লোহার রডের আঘাতে দুজন আহত হয়েছেন। হামলাকারীরা পিকআপ থেকে নগদ টাকা ও সিমেন্ট লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনপুর এলাকার লিয়াকত আলীর বাড়ির সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ‘মেঘনা পাল্প অ্যান্ড পেপার লিমিটেড’-এর এজিএম (প্রশাসন) মো. আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩০০ বস্তা ফ্রেশ সিমেন্ট নিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-উ-১২-৩১১৫) মেঘনা ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের উদ্দেশে যাচ্ছিল। পিকআপটি জৈনপুর এলাকায় পৌঁছালে মো. শুভ (২৮), মো. সুমন (৪৫), মো. রাব্বী (২৮) ও মো. তানভীর (২৯)সহ ৮-৯ জনের একটি দল দা, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে গাড়িটির গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা চালক মো. রাফিউল হক রাব্বীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে আহত করা হয়। পরে পিকআপের কাচ ভেঙে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয় এবং ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা সিমেন্ট লুট করে নিয়ে যায়।

চালকের চিৎকারে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিনিধি আবু সাইদ (৪৪) ও মো. সোপান (২০) এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, শুভর চাপাতির কোপে আবু সাইদের মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। তিনি মাটিতে পড়ে গেলে তার কাছ থেকে শ্রমিকদের বিল দেওয়ার জন্য রাখা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া রাব্বীর লোহার রডের আঘাতে সোপানের ডান হাতের দুটি আঙুল ভেঙে যায়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়