ভিক্টোরিয়ার আরএমও জহিরুল হলেন কুমিল্লার সিভিল সার্জন
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জহিরুল ইসলামকে কুমিল্লা জেলা সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এ পদোন্নতির আদেশ হয়।
বৃহস্পতিবার এ বিষয়ে চিঠি পেয়েছেন বলেও জানান ডা. জহিরুল ইসলাম। চিঠিতে আগামী ২৪ আগস্টের মধ্যে কুমিল্লা জেলায় নিজ কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।
জহিরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০১৯ সালে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে যোগদান করেন তিনি।
২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদকে বদলি করা হলে ওই বছরের ২০ অক্টোবর এ দায়িত্ব পান জহিরুল ইসলাম। দেড় বছরেরও বেশি সময় এ দায়িত্বে থাকার পর তিনি কুমিল্লা জেলার সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়েছেন।





































