২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ২০ আগস্ট ২০২৬

দুই আদালত এক ক্যাম্পাসে রাখার দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

দুই আদালত এক ক্যাম্পাসে রাখার দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পৃথক স্থানে পরিচালনার উদ্যোগ বাতিল করে দুই আদালত বর্তমান ক্যাম্পাসেই রাখার দাবি জানিয়েছেন আইনজীবীরা। দাবি বাস্তবায়ন না হলে ধাপে ধাপে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনের তৃতীয় তলায় ‘আইনজীবী অধিকার রক্ষা পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী এমএ হাফিজ মোল্লাহ বলেন, জেলা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্তমান ক্যাম্পাসেই রাখার বিষয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। দুই আদালত পৃথক স্থানে নেওয়া হলে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থী সাধারণ মানুষও ভোগান্তিতে পড়বেন।

তিনি বলেন, একজন আইনজীবীর একই দিনে একাধিক আদালতে মামলার শুনানি থাকে। একই সময়ে জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি হলে এক আদালত থেকে অন্য আদালতে যাতায়াতে সমস্যায় পড়তে হবে।

হাফিজ মোল্লাহ বলেন, ‘একজন আইনজীবীর একই দিনে আট-দশটি মামলা থাকে। জেলা জজ আদালতে মামলার ডাক পড়ার পর একই সময়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ডাক পড়লে একজন আইনজীবী কোথায় যাবেন, এটাই বড় প্রশ্ন।’

তিনি আরও বলেন, দুই আদালতের মধ্যে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হলে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন কঠিন হয়ে পড়বে। এতে বিচারপ্রার্থী মানুষকে যথাযথ আইনি সহায়তা দেওয়াও ব্যাহত হতে পারে।

দাবি বাস্তবায়ন না হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে ধাপে ধাপে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন হাফিজ মোল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নতুন আদালত ভবনের আশপাশে সরকারি জমি ও জায়গা নির্ধারণের আহ্বান জানান বক্তারা।

এ সময় জ্যেষ্ঠ আইনজীবী মাইনউদ্দিন মিয়া, আইনজীবী আবদুল সামাদ মোল্লা, জাহাঙ্গীর দেওয়ান, মো. নিজামউদ্দিন, ইস্রাফিল মিয়া ও মাসুদুর রহমানসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়