২০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২০ আগস্ট ২০২৬

খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ

খানপুরে অটোরিকশাচালককে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আলম বাদশা (৬৫) নামে এক অটোরিকশাচালককে গালিগালাজের পর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে অলিল হোসেন বাদী হয়ে খানপুর বউবাজার এলাকার বাসিন্দা আক্তার (৩৫)-এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে খানপুর বউবাজার এলাকায় আলম বাদশা নিজের অটোরিকশায় মালামাল নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলেন। এ সময় আক্তার তাঁর পথরোধ করে গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় আক্তার ক্ষিপ্ত হয়ে পাশের একটি মাংসের দোকান থেকে ধারালো চাপাতি নিয়ে আলম বাদশাকে কোপ দেওয়ার চেষ্টা করেন।

এ সময় আলম বাদশা হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে তাঁর বাম হাতের পেশিতে গভীর ক্ষত হয় এবং হাড় ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অস্ত্রোপচারের পর তাঁর হাতে ৫৩টি সেলাই দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘অভিযোগের কাগজটি পুলিশ হাতে পেয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়