ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে ’কিলার বাবু’ খুন, সহযোগী হাসপাতালে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে দুʼপক্ষের মারামারিতে রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তার এক সহযোগী হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩৮) ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াজও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে 'ন্যাড়া বাহিনী' নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন।তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলাও রয়েছে থানায়।
রিয়াজের বন্ধু মো. লিটন (৩৮) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওসি মান্নান।
তিনি বলেন, পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুʼটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।
এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে রিয়াজ ও লিটনকে শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তাদের অন্য সহযোগীরা। সেখানে চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করে এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায় বলেও জানান ওসি।
“নিহতের পরিবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম বলেছে। নিহতের বিরুদ্ধেও ছিনতাইয়ের অভিযোগে মামলা ছিল। সে স্থানীয়ভাবে 'কিলার বাবু' নামে পরিচিত ছিল। পুলিশ বিষয়গুলো তদন্ত করছে। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।
তবে, বেলা এগারোটা পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি।





































