২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদ করায় এনসিপি সংগঠককে কুপিয়ে জখমের অভিযোগ 

চাঁদাবাজির প্রতিবাদ করায় এনসিপি সংগঠককে কুপিয়ে জখমের অভিযোগ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংগঠককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে ফতুল্লা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) মারধরের শিকার বিপ্লব সরদার (২১) এজাহার দায়ের করেন। তিনি ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের এনসিপির সংগঠক। তার বাড়ি পঞ্চবটী এলাকার গুলশান রোডে।

এজাহারে বলা হয়, ইয়াসিন আরাফাত ওরফে টুন্ডা আরাফাত (৩২), আহাম্মদ হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৫০), রাফি (২৬) ও রাসেল (৩৬) দীর্ঘদিন ধরে পঞ্চবটী ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন এবং ভয়ভীতি ও হুমকি দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেন।

এনায়েতনগর ইউনিয়নের এনসিপির সংগঠক হিসেবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অভিযুক্তরা বিপ্লব সরদারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চবটী শামসুল হক রোড এলাকায় বিপ্লব সরদার অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের এমদাদীয়া রোলিং মিলের ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয়।

অভিযোগে বলা হয়, ইয়াসিন আরাফাত লোহার রড দিয়ে বিপ্লবের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার বাম হাতের কবজিতে আঘাত লাগে এবং হাড় ভেঙে গুরুতর জখম হন। এ ছাড়া আহাম্মদ হোসেন চাকু দিয়ে তার বাম চোখে আঘাত করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্যরাও তাকে মারধর করেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ইয়াসিন আরাফাত তার প্যান্টের পকেট থেকে নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে হত্যার উদ্দেশ্যে তাকে রোলিং মিলের জ্বলন্ত ভাটিতে নিক্ষেপের চেষ্টা করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বিপ্লব সরদার খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়