১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৬, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০৭, ১৪ জুলাই ২০২৬

সিয়াম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে মানববন্ধন

সিয়াম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টায় আড়াইহাজার থানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব ও বন্ধু জিসানসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তারা হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করতে হবে, যাতে কোনো আসামি আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়।

এদিকে, এ মামলার প্রধান আসামি মতিনকে সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরে তাঁকে আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানার ওসি সবজেল হোসেন জানান, এ মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত শনিবার রাতে এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিয়ামের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ হামলায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগম আহত হন।

এ ঘটনায় নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়