জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে খাল খনন শুরু করলেন আবদুল জব্বার
নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বুধবার (১৮ নভেম্বর) ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে ময়লা-আবর্জনা ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি জমে থাকা পানিতে মশার উপদ্রবও বেড়ে যায়।
খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার বলেন, "নগরবাসীর সেবা করার জন্য কেবল নির্বাচনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই জনস্বার্থে ও এলাকাবাসীর স্বস্তি ফেরাতে এই খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি।"
তিনি আরও বলেন, খালটির স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন ও সংস্কারকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এ সময় খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, খালটি সচল হলে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে এবং এলাকার পরিবেশের উন্নতি হবে।
এনায়েতনগর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন দুই দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি। তবে মাওলানা আবদুল জব্বারের নির্দেশনায় তিনি সার্বিক কাজের তদারকি করেন বলে জানানো হয়েছে।
খনন কর্মসূচিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইয়েদ মুন্না এবং এনায়েতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুস আলীর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





































