১৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০২, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫৫, ১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়া ও শরীফ মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের দাবি, শরীফ মিয়ার পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে অপর পক্ষও পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল ও আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়