১৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০২, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সেন্টুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সেন্টুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে তার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর ডিআইটি কাদেরিয়া তৈয়াবিয়া তাহেরিয়া মাদ্রাসায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এছাড়া সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী নুরু উদ্দিন ফখরুল ইসলাম মজনু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ-সভাপতি দুলাল মল্লিকসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ও বহুদলীয় গণতন্ত্র অক্ষুন্ন রাখতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মাটি ও মানুষের প্রতি তার অবস্থান থেকে সরে যাননি।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়ার সামনে দেশ ছাড়ার প্রস্তাব এলেও তিনি তা গ্রহণ করেননি। দেশের মানুষের পাশে থেকে আমৃত্যু সংগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই ত্যাগ ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, নীতি ও নৈতিকতা নিজেদের মধ্যে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ না রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়