১৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ১৬ আগস্ট ২০২৬

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার একমাত্র আসামি সেলিম হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, গত ১৫ আগস্ট রাজধানীর চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম হোসেন নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

র‍্যাবের তথ্যমতে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে সেলিমের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক চলাকালে সেলিম কৌশলে ওই নারীর ব্যক্তিগত ও সংবেদনশীল ছবি-ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হলে ভুক্তভোগীর নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলা দায়েরের পর র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। পরে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ

জনপ্রিয়